বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের বাসে ১৭,৭০০ পিস ইয়াবাসহ যুবক আটক
নাটোরের বড়াইগ্রামে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাসে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। সোমবার (২৭ অক্টোবর) সন্ধার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের লয়লার মোড় এলাকায় ঢাকা থেকে কুষ্টিয়াগামী বাসটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নয়ন মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের কদমতলী থানার শ্যামপুর ওয়াসা কলোনি এলাকার দুলাল মিয়ার ছেলে। নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লয়লার মোড়ে বাসটির গতিরোধ করা হয়। পরে বাসের একটি আসনে বসে থাকা নয়ন মিয়ার দুই পায়ের ওপর রাখা সিনথেটিক হাতব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতরে লাল রঙের টিস্যু শপিং ব্যাগে রাখা বড় পলিথিনের প্যাকেট থেকে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৭ হাজার ৭০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক মো. আসাদুর রহমান। এ সময় অধিদপ্তরের সিপাই আল মিরাজ, সৌরভ গাঙ্গুলী, আবু আব্দুল্লাহ আকাশ, সুজন আলী, বেনজিন আক্তার ববি ও গাড়িচালক নকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। বাসটির সুপারভাইজার রেজাউল করিম ও হেলপার বাবু কুমার বেদ এ ঘটনায় সাক্ষী হিসেবে ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(গ) উপধারায় বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
