নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি

বাঙালি জাতির উৎপত্তি

বাঙালি জাতির উৎপত্তি

নৃতাত্ত্বিকদের মতে, আর্যদের বাংলায় আগমনের বহু পূর্বে বাংলার এ অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর লোক বাস করতো। আর্য-পূর্ব জনগোষ্ঠী মূলত নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনীয়- এই চার শাখায় বিভক্ত ছিল। প্রায় পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি, তারা নেগ্রিটোদের উৎখাত করে। এরাই ভীল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্ব পুরুষ হিসাবে চিহ্নিত। প্রাগৈতিহাসিক যুগেই আর্যরা বঙ্গে আগমন করে। অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতায় উন্নততর বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। তাদের মধ্যে একটির ভাষা দ্রাবিড় এবং অপরটির ভাষা ব্রহ্ম-তিব্বতীয় (Tebeto- Burman)। এদের সম্পর্কে তেমন তথ্য নেই। তবে এই সমুদয় জাতিকে পরাস্ত করে যারা বাংলাদেশে বসবাস স্থাপণ করেন, তাদের বংশধরেরাই বর্তমান কালের ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ প্রভৃতি উপজাতির পূর্বপুরুষ। তাঁরা যে বৈদিক আর্যগণ থেকে ভিন্ন জাতীয় ছিলেন, এ বিষয়ে পণ্ডিতগণের মধ্যে কোনো মতভেদ নেই। কারো কারো মতে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীগণ এই শ্রেণি থেকে উৎপন্ন। ইউরোপীয় পণ্ডিতগণ বলেন, আর্যগণ প্রথমে পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। তারা দলবদ্ধভাবে কতকগুলো পশু সমভিব্যাহারে নিয়ে তৃণপূর্ণ প্রদেশে গমন করতেন। সেই স্থানের তৃণরাশি পশুরা খেয়ে শেষ করে ফেললে তারা তখন অন্য তৃণাচ্ছন্ন প্রদেশে চলে যেতেন। এভাবে তারা নিরন্তর একস্থান থেকে অন্যস্থানে যেতেন বলে আর্যগণ গমনশীল নামে বিখ্যাত ছিলেন। এসময় তারা এরূপ লাগাতার স্থান পরিবর্তনকে ক্লেশকর বিবেচনা করে একই স্থানে থাকার উপায় অন্বেষণে প্রবৃদ্ধ হন এবং কৃষিকর্ম করে জীবিকা নির্বাহে ব্রতী হন। এজন্যই আর্য জাতি কৃষি কর্মকারী হিসেবে প্রসিদ্ধ হন। শেষোক্ত শব্দের অর্থ হয় কৃষিকর্মকারী, কারণ(ঝ) ধাতুর কর্ষণার্থও আছে। এছাড়া এদেশীয় শাস্ত্রে কতকগুলি উৎকৃষ্ট গুণসম্পন্ন ব্যক্তিকেও আর্য শব্দে নির্দেশ করা হয়। কোনো কোনো গ্রন্থে হিন্দু ধর্মাবলম্বী লোক মাত্রেই অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র চতুর্বর্ণই আর্য বলে কীর্ত্তিত হয়েছেন। আবার কোনো কোনো গ্রন্থে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন বর্ণকে আর্য এবং চতুর্থ বর্ণকে শূদ্র বলা হয়েছে। এতে কেহ কেহ অনুমান করেন যে, শূদ্রবর্ণ আর্যবংশীয় নয়। আর্যরা ভারতবর্ষে এসে শূদ্র নামের অনার্য জাতি বিশেষকে নিজেদের সমাজভুক্ত করে নেন। আসলে অনার্য শূদ্র যে কারা, তা এখনও নির্ণয় করা যায় নাই। প্রকৃতপক্ষে এ বিষয়ে বিশিষ্ট প্রমাণ নাই। সে যাহোক, প্রচলিত পাশ্চাত্য মতানুসারে আর্যগণ হিন্দুকুশ পর্বতের অপরদিক থেকে খ্রিষ্টপূর্ব আনুমানিক ১০০০ বছরে ভারতে এসে উপনিবেশ স্থাপন করেন এবং অম্বালা জেলার কাছে ঋগ্বেদ রচনা করেন। তথাপি এই ভূখণ্ডে বসবাসকারী মানুষের উৎপত্তি সম্পর্কে আমাদের অনেকের পক্ষেই এর বিবর্তনধারা অনুধাবন করা কঠিন। সে কারণে ভারতবর্ষের আর্য, অনার্যসহ অন্যান্য জনগোষ্ঠীর প্রসঙ্গটি নিয়ে এখানে একটু আলোচনা করা প্রয়োজন। বলা হয়ে থাকে যে, এ ভূখণ্ডের 'বাকলা চন্দ্রদ্বীপ' নামের স্থানটিতে ছিল বাঙ্গালি জাতির প্রধান আদি বাসস্থান। সুদূর প্রাগৈতিহাসিককাল থেকে 'বাঙ' জাতি সে অঞ্চলে বাস করত। কিন্তু লেখকের মতে উক্ত বাকলা-চন্দ্রদ্বীপ প্রসঙ্গটি সন্দেহজনক বিবেচিত হয়। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে, সাগর সংলগ্ন ওই ভূভাগ উত্তরাঞ্চলের আগে জন্মলাভ করেনি। তাই ড.সুকুমার সেন বলেন যে, বাঙ্গালা দেশে আর্যদের উপনিবেশ প্রথম স্থাপিত হয় বরেন্দ্র ভূমিতে ও রাঢ়ের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে ভাগীরথী-দামোদর তীরভূমিতে। উক্ত কথার অনুরূপ তাই আরও বলা হয়ে থাকে যে, সম্ভবত ভারতের উত্তরাঞ্চল থেকে আগত মানুষ বাংলার অপেক্ষাকৃত পূরানো ও কম উঁচু পাহাড়ে বসতি স্থাপন করে। বাংলার মানববসতির ইতিহাস অতি প্রাচীন। বঙ্গ অববাহিকায় মানুষের আগমন শুরু হয়েছিল প্লাইস্টোসিন যুগে তথা দশ লক্ষ বছর আগে। যে অল্প কয়েকটি স্থানে প্রথম মানববসতি গড়ে উঠেছিল বরেন্দ্রভূমি তার মধ্যে অন্যতম। অনার্য জাতিগুলিকে প্রধানত তিন শ্রেণিতে বিভক্ত করা যেতে পারে। প্রত্যেক শ্রেণিই আর্যদের আগমনের বহু পূর্বে মধ্য এশিয়া থেকে ভারতে আগমন করেছিল। (১) তিব্বত-ব্রহ্ম (Tebeto-Burman ) তারা হিমালয় পর্বতে এবং তদুত্তর পূর্বশাখা সমূহে বসবাস করে। কাছাড়ী গারো, ভুটিয়া, লেপছা, আকা, মিসমি, নাগা, কুকি, আবর, কোঁচ, অহম কবর্ত, ভূমিজ, পুলিন্দ, রাজবংশী, হাড়ি, ডোম, চণ্ডাল প্রভৃতি এই শ্রেণিভুক্ত। (২)কোল (Kolarian) (৩)দ্রাবিড়গণ (Dravidian)। আর্যগণ অনার্যদের অপেক্ষা দীর্ঘ, সুন্দর-সুঠামদেহী, শক্তিশালী ও সভ্য ছিল। আদি বাসস্থানে লোকসংখ্যা বৃদ্ধি হেতু তারা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এরা 'স' উচ্চারণ করতে পারতো না ; 'স' কে 'হ' বলতো। তারা 'সিন্দুকে' হিন্দু' বলতো। এই জন্য সিন্দু অববাহিকায় তথা পাক-ভারতে বসবাসকারী আর্যগণ 'হিন্দু' নামে পরিচিত হয়ে উঠলো। আর্যদের ধর্মের সঙ্গে বর্তমান হিন্দুধর্মের কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। আর্যগণ অগ্নি, চন্দ্র, সূর্য, ঊষা, গগণ, পবন, ঝড়, বৃষ্টি, সমুদ্র, নদী, বৃক্ষ প্রভৃতির পূজা করতো। পরে তাদের মধ্যে প্রস্তর পূজা ও মূর্তিপূজা দেখা দেয়। অস্ট্রিক-দ্রাবিড় গোষ্ঠীর জনসমষ্টির মিশ্রণে যে জাতির প্রবাহ চলেছিল, তার সঙ্গে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি। আবার নিগ্রোদের মতো দেহ গঠনযুক্ত এক আদিম জাতি এদেশে বসবাসের কথা অনুমান করা হয়। কিন্তু তাদের সেই স্বতন্ত্র অস্তিত্ব এখন বিলুপ্ত। অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে। কারো কারো মতে এরা 'নিষাদ জাতি' বলে গণ্য হন। কিন্তু এই জাতিগোষ্ঠীর পর আরও কয়েকটি জাতিগোষ্ঠীর প্রবেশ ঘটে এদেশে। যারা বংলার বর্তমান ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী "নিষাদ, কোল,ভীল, মুন্ডা, সাঁওতাল, শরব, পুলিন্দ, মালপাহাড়ি প্রভৃতি তুলনামূলকভাবে অল্প সংকর আদি অস্ট্রেলীয় বা ভেড্ডিড। বাংলার অধিকাংশ মানুষ এই 'ভেড্ডিদের' রক্তধারাকেই বহন করে চলছে। ভেড্ডিদের পাশাপাশি এ ভূখণ্ডের মানুষের রক্তে মিশেছে মোঙ্গলীয়, শক, পামিরীয়, অস্ট্রিক- দ্রাবিড়, ককেশীয় (আর্য), নিগ্রবটু, নর্ডিক, আরবীয়, ইরানীয়, তুর্কি, আবিসিনীয়, পর্তুগিজ প্রভৃতি। উত্তর ভারতে আর্যদের আগমনের ফলে অনেক দ্রাবিড় বঙ্গে আশ্রয় নেয়। পামীর পালভূমি অঞ্চল থেকে আলপাইন নামে এক জনগোষ্ঠী বাংলাদেশে আগমন করে। তারাও বাংলার নরতত্ত্বে অবদান রেখেছে। বঙ্গজ ব্রাহ্মণ ও কায়স্থদের সাথে আর্যদের চেয়ে আলপাইনদের বেশি মিল আছে। আর কিরাত, রাজবংশী, নাগা, কোচ, মেচ মিজ্জার, কুকী, চাকমা, আরাকানী প্রভৃতি হচ্ছে স্বল্প সংকর মোঙ্গলীয়। তাছাড়া চব্বিশ পরগণার বেরাচম্পার ও হরিনন্দনপুর বা হরিনারায়ণপুর এলাকা কালপ্রবাহে গৌড়, মালব, চৌড়, শক, হুন কুলিক, কর্নাট, লাট, দ্রাবিড়, মুণ্ডা কুষাণ, ইউচি, আরব, ইরানি, হাবসি, গ্রিক, তুর্কি, আফগান, মুঘল, পর্তুগিজ, ওলন্দাজ, ফারসি ও ইংরেজ রক্ত মিশ্রিত হয়েছে। তাই এই 'জনগোষ্ঠীর রক্তে বিশুদ্ধতা রইল না। ফলে বিভিন্ন জাতির সংমিশ্রণে সৃষ্টি হয় এই বাঙালি জাতি। সমন্বিত এ জনগোষ্ঠীর নাম বাঙালি। আর্যদের দেব ব্রাহ্মণের ধর্ম বন্দনা পূর্বতন ধর্মের আচারানুষ্ঠান মিলেমিশে এক নতুন পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্ম সৃষ্টি হলো। আদান-প্রদান ও মিশ্রণের ফলে বাঙালিরা একটা নিজস্ব বৈশিষ্ট্য রাখতে সমর্থ হয়। ফলে অধিকাংশ বাঙালি মধ্যম আকৃতির মাথা দীর্ঘও নয় গোলাকারও নয়। সেই জন্যই ড. নীহাররঞ্জন রায় বলেন, "বাঙালি এক সংকর জন"। কিন্তু কেন্ কোন জাতির মিশ্রণে বাঙালি জাতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে পণ্ডিতগণ একমত হতে পারেননি। ড.আহম্মদ শরীফ বলেন, মোটামুটিভাবে বলা চলে নেগ্রিটো, আদি-অস্ট্রেলীয়(ভেড্ডিড) ও মোঙ্গলীয় নরগোষ্ঠীর মিশ্রণ ঘটেছে বেশি। তাই শতকরা ষাট ভাগ মোঙ্গলীয়, পনেরো ভাগ নেগ্রিটো এবং পাঁচভাগ অন্য নরগোষ্ঠীর রক্ত মিশেছে বলে অনুমান অসংগত নয়। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, "কেহ নাহি জানে কার আহ্বানে/কত মানুষের ধারা/দুর্বার স্রোতে এলো কোথা হতে/সমুদ্রে হলো হারা।" ওইসব তথ্য সত্বেও , ড.অতুল সুর বলেন, 'বাঙালি বলতে আমরা মাত্র তাদেরই বুঝি যাদের মাতৃভাষা বাংলা এবং যারা বাংলাদেশের এক বিশেষ সংস্কৃতির বাহক। তবে বাঙ্গাল জাতির আদি বাসস্থান বরিশাল। তাদের একটি গোষ্ঠীকে চন্দ্রভণ্ড্র বলা হতো এবং তাদের নামানুসারে চন্দ্রদ্বীপ নামকরণ হয়। চন্দ্রদ্বীপের অধিবাসীদের বাকলাইয়া বা বাঙ্গাল বলা হতো। কাজেই বাকলা চন্দ্রদ্বীপ বাঙালি জাতির আদি বাসস্থান। সুদূর প্রাগৈতিহাসিককাল থেকে বাঙালি জাতি এ অঞ্চলে বাস করত। কিন্তু লেখকের মতে উক্ত তথ্যটি সন্দেহজনক বিবেচিত হয়। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে, সাগর সংলগ্ন ওই ভূভাগ উত্তরাঞ্চলের আগে জন্মলাভ করেনি, সেকথা পূর্বেও উল্লেখ করা হয়েছে। যাহোক, এ প্রসঙ্গে নরতত্ত্ব, জাতিতত্ত্ব ও ভাষাতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে ধরণা লাভ করা যাবে। বাংলাদেশে প্রাচীনকালে অস্ট্রিক, মঙ্গোলীয় ও আলপাইন জনগোষ্ঠীর বিভিন্ন গোত্র বা কোমের বাসস্থান ছিল। প্রাগৈতিহাসিককালে বিভিন্ন কোম বিভক্ত জনপদ স্বজাতি ও বিজাতির দ্বন্দ্ব -মিলন-সংঘর্ষ সমন্বয়ে ইতিহাসের স্রোতে রূপান্তরিত হয়ে গড়ে উঠেছিল পুণ্ড্র, গৌড়, বঙ্গ, রাঢ়, সুষ্ম প্রভৃতি জনপদ। এতোসব ঘটনার পরও আমাদের নাটোর সম্পর্কে কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন যে, ১৭০৬ বা ১৭১০ সালে নাটোর শহরে জমিদার আমলে জনবসতি গড়ে ওঠে। তাদের এমন ধারণাটা আসলেই সত্য কিনা তা মোটেও প্রশ্নাতীত নয়। কারণ নাটোরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, পাঠান, মোগল, সুলতান, সম্রাট, নবাব, ব্রিটিশ সময়েরও বহু সহস্রকাল আগে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনীয় বা আর্য, অনার্য জনগোষ্ঠীসমূহের মধ্যে কোনো একটির কি এখানে বসতি ছিল না? নাটোরের নামকরণ সম্পর্কিত কিংবদন্তির কথা উল্লেখ করে একাধিক লেখক বলে থাকেন যে,"গ্রীষ্মকালে বিলটি শুকিয়ে যেতো এবং সেখানে গরু-ছাগল চরতো। ব্যাঙের সাপ ভক্ষণ, দুই বেজির (নেউল) সাঁতার কাটারদৃশ্য দেখে বালিকাদ্বয়ের নৃত্য করা ইত্যাদি জনশক্তির ভিত্তি কোথায়? কারণ রাজার আগে এখানে যখন জনবসতিই গড়ে ওঠেনি, তখন কেমন করে বিশ্বাস করা যায় যে এখানে গরু-ছাগল চরতো। না হয় ওগুলোকে জংলি কোনো গরু-ছাগল বা বেজি ছিলো ভেবে মেনে নেওয়া গেল কিন্তু সেই নিত্যরত বালিকাদ্বয় ? এ এলাকায় জনবসতি যদি নাই থাকতো তাহলে সেই বলিকাদ্বয় কোথাথেকে আসলো? সুতরাং এটাই প্রমাণ করে যে, এই স্থানে রাজার বসতি স্থাপনের আগেই মানুষের বসতি ছিল। আর সেজন্যই এই এলাকার অধিকাংশ স্থানে ঘরবাড়ি নির্মাণ করতে গেলে আজও মাটির বেশ গভীরে প্রায়ই মানুষের বহু পুরাতন কঙ্কাল দেখতে পাওয়া যায়। ও-গুলো সেই সুলতান, সম্রাট, নবাব বা ব্রিটিশ আমলেরও বহু পূর্বের কিনা তা কে জানেন? কাজেই ও-গুলোর কার্বন ডেটিং বা ডি. এন. এ. পরীক্ষা ছাড়া, কবে এবং কখন নাটোরে জনবসতি গড়ে ওঠে, সে কথার প্রমাণযোগ্য ইতিহাস ছাড়া সুনিশ্চিতভাবে বলাটা আদৌ যুক্তিসংগত নয়? যেহেতু, এ উপমহাদেশে সুদূর প্রাগৈতিহাসিককাল থেকে মানুষের বসবাস ছিল।
লেখক