গরু চুরি ঠেকাতে রাতভর গ্রামবাসীর দলবদ্ধ পাহারা
নাটোরের গুরুদাসপুরে গরু চুরি বেড়ে যাওয়ায় রাতভর দলবদ্ধ পাহারার উদ্যোগ নিয়েছেন তিন গ্রামের বাসিন্দারা। গত মঙ্গলবার রাত থেকে গ্রামের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এ পাহারা শুরু করেন তাঁরা। স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন আনসার কমান্ডার অলিউল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া নদীর উত্তর সাহাপুর, শিকারপুর খেয়াঘাট থেকে বাহাদুরপাড়া রাজা মণ্ডলের খেয়াঘাট এলাকা এবং খুবজীপুর ইউনিয়নের চরপিপলা গ্রামে সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। তাঁদের গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে তিন গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে রাতের পাহারার ব্যবস্থা করেছেন। গ্রামবাসী জানান, আনসার কমান্ডার অলিউল্লাহ স্থানীয় বাসিন্দা হওয়ায় তাঁকে পাহারা কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন গ্রামের মোট ৪২ জন বাসিন্দা এ উদ্যোগে যুক্ত হয়েছেন। প্রতিরাতে ছয়জন করে রাত ৯টা থেকে ভোর পর্যন্ত গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পাহারা দেন। পর্যায়ক্রমে দায়িত্ব পালন করায় স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।
পাহারায় অংশ নেওয়া ব্যক্তিদের রাতের খাবারের ব্যবস্থা করতে গ্রামের মানুষের কাছ থেকে চাল, ডাল ও মরিচ সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আনসার কমান্ডার অলিউল্লাহ বলেন, “আনসার প্রশিক্ষণের সময় গ্রামের শান্তি রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার প্রশিক্ষণ পেয়েছি। এখন সেই প্রশিক্ষণ গ্রামের মানুষের জানমাল ও গোয়ালের গরু রক্ষার কাজে লাগাচ্ছি। গ্রামবাসীর আশা, সম্মিলিত এ পাহারার মাধ্যমে গরু চুরি প্রতিরোধ করা সম্ভব হবে এবং কৃষকদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে আসবে।
