সিংড়ায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যু।
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আবেজান বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবেজান বেগম সিংড়া উপজেলার ছোট বারইহাটি গ্রামের মোজাহার সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন আবেজান বেগম। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
