নাটোরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
আর্থিক অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার পরিবেশ না থাকার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। প্রথম দফা শিক্ষার্থীদের আলটিমেটামের পরে বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা বিদ্যালয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধের উদ্যোগ নেয়। পরে তারা জনভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যালয়ের ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
পরে জেলা প্রশাসক সুমনী আক্তার প্রধান শিক্ষককে ছুটিতে পাঠানোসহ দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। এর আগে জেলা প্রশাসক সাংবাদিকদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করলে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
এর আগে ৪ অক্টোবর একই দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তিন দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন আর্থিক দুর্নীতি, নিয়মিত ক্লাস না হওয়া, নিম্নমানের টিফিন, অপরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, ব্যবহার অনুপযোগী টয়লেট ও ডিজিটাল ল্যাব ব্যবহারে বাধাসহ বিভিন্ন অব্যবস্থাপনা চলছে বিদ্যালয়ে। এছাড়া খেলাধুলার বরাদ্দের অর্থও শিক্ষার্থীরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
বুধবার আন্দোলন চলাকালে জেলা প্রশাসক ও সরকারী বালিকা বিদ্যালয় ব্যবস্থপানা কমিটির সভাপতি সুমনী আক্তার বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের আপাতত ছুটিতে পাঠানো , আর্থিক অনিয়ম ও শিক্ষার পরিবেশ নিয়ে দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। একই সঙ্গে বিষয়টি শিক্ষা অধিদপ্তরে জানানোর কথা বলেন তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক কে প্রশ্ন করা হলে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
