নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

নাটোর বাস টার্মিনালে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা : দুর্ভোগে যাত্রী-পথচারীরা

নাটোর বাস টার্মিনালে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা : দুর্ভোগে যাত্রী-পথচারীরা

সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে পড়ে নাটোর বাস টার্মিনাল। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ। টার্মিনালজুড়ে পানি ও কাদা জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাসে ওঠানামার সময় ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। জাহিদ হোসেন, শামসুন্নাহার, বেলায়েত হোসেন সহ অন্যান্য যাত্রীদের অভিযোগ, বাস ধরতে এসে কাদা-পানি মাড়িয়ে টার্মিনালে প্রবেশ করতে হচ্ছে। অনেক সময় কাপড়চোপড় নোংরা হচ্ছে, আবার পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। সামান্য বৃষ্টিতেই যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে ভারী বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। আবু রায়হান নামে এক যাত্রী বলেন, বাসে ওঠার জন্য টার্মিনালে এসে কাদা-পানি পার হতে হয়। এতে আমাদের খুব কষ্ট হয়। বিশেষ করে পরিবার নিয়ে যাতায়াত করলে ভোগান্তি আরও বেশি বাড়ে। সাইফুল ইসলাম নামে এক পথচারী জানান, “টার্মিনালের ভেতর দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। পানি ও কাদার কারণে অনেকটা পথ ঘুরে যেতে হয়। দ্রুত এর সমাধান হওয়া দরকার।
নাটোর বাস টার্মিনালে গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজার নাজমুল কবির, ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার বকুল হোসেন, হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার কোরবান আলী এবং দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার হাসিবুল ইসলাম জানান, বাস টার্মিনালের জলাবদ্ধতা ও কাদার দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। তাদের অভিযোগ, সড়ক ও বাস টার্মিনালের পাশে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেন উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো টার্মিনালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি বের হওয়ার পথ না থাকায় টার্মিনালজুড়ে কাদা ও পানি জমে একাকার হয়ে যায়। তারা আরও জানান, জলাবদ্ধতার কারণে ভারী যানবাহন চলাচল করলে টার্মিনালের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যাত্রীদের নির্ধারিত বাস কাউন্টারে পৌঁছাতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের ভাষ্য, নাটোর পৌরসভা থেকে মাঝেমধ্যে কিছু ইট বিছিয়ে সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু এতে স্থায়ী কোনো সুফল পাওয়া যায় না। অনেক সময় বাস মালিকদের নিজেদের অর্থায়নেই টার্মিনালের বিভিন্ন অংশ মেরামত করতে হয়। এ বিষয়ে জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতিকেও অবহিত করা হয়েছে। তারপরও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো উদ্যোগ না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে। তবে জানুয়ারি মাস থেকে টার্মিনালের সংস্কারসহ আধুনিকায়ন করার কাজ শুরু হবে বলে শোনা যাচ্ছে। এদিকে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের পাশাপাশি প্রতিদিনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকেও। ভুক্তভোগীদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও টার্মিনালের প্রয়োজনীয় সংস্কার করা হলে এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
নাটোর বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার বলেন, স্থায়ী সমাধানে প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে অস্থায়ীভাবে সমস্যা সমাধানে পৌরসভাকে সংস্কারের জন্য চিঠি দেওয়া হয়েছে। তারা এব্যপারে পদক্ষপ নিবেন। ইতোমধ্যে আমরা বাস মালিকরা নিজস্ব অর্থায়নে কিছু সংস্কার কাজ সম্পন্ন করেছি।
এ ব্যাপারে নাটোর পৌরসভার প্রশাসক শামীম আহমেদের সাথে মোবাইল ফোনে করে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।