নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

খুঁটি বসে, তার টানা হয়, মিটারও স্থাপন-অথচ জানে না কর্তৃপক্ষ !

বাগাতিপাড়ায় বিদ্যুৎ সংযোগ নিয়ে অনিয়মের অভিযোগ, টাকা দিয়েও বৈধতার নিশ্চয়তা পাননি গ্রাহকরা

খুঁটি বসে, তার টানা হয়, মিটারও স্থাপন-অথচ জানে না কর্তৃপক্ষ !

বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে, টানা হয়েছে সংযোগের তার, এমনকি বাড়িতে বসানো হয়েছে বিদ্যুতের মিটারও। কিন্তু এসব কার্যক্রম সম্পর্কে কিছুই জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ! বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় কেউ দিয়েছেন সাড়ে ৭ হাজার টাকা, কেউবা ৩৫ হাজার টাকা। অথচ টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কোথাও অবৈধভাবে মিটার ও বিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ, কোথাও বিদ্যুৎ বিলের কপি না দিয়েই বিল পরিশোধের চাপ। আবার কোথাও অবৈধ মিটারের বিপরীতে গ্রাহকের নামে বিল তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা আদায়েরও অভিযোগ উঠেছে। এমন একাধিক অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের কার্যক্রম। ভুক্তভোগীরা এসব ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, মিটার ও বিদ্যুৎ সংযোগের বৈধতা নিশ্চিত এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, তাদের অগোচরে কেউ প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট দপ্তরের জনবল ও অবকাঠামো ব্যবহার করেই যেখানে বিদ্যুতের খুঁটি স্থাপন, তার টানা এবং মিটার সংযোগের মতো কাজ সম্পন্ন হয়, সেখানে এসব কার্যক্রম কিভাবে কর্তৃপক্ষের অজান্তে ঘটল? দপ্তরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এমন ঘটনাগুলোর পরও কর্তৃপক্ষের অজ্ঞতার দাবি কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা সাথি খাতুনের কাছ থেকে বিদ্যুতের মিটার দেওয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তী সময়ে তার বাড়িতে একটি মিটার স্থাপন করা হলেও সেটিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাথি খাতুনের অভিযোগ, বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তার নামে বিদ্যুৎ বিল তৈরি করে তা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে আরও ৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই ধরনের অভিযোগ উঠেছে পৌরসভার লক্ষণহাটি মহল্লার বাসিন্দা মিজানুর রহমানের কাছ থেকেও। তিনি অভিযোগ করেন, বিদ্যুতের খুঁটি স্থাপনের কথা বলে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়া হয়। পরে অবৈধভাবে মিটার সংযোগ দেওয়া হয়। এ ছাড়া কোনো বিলের কপি না দিয়েই জরিমানাসহ ১৮ হাজার টাকা দাবি করা হয়েছে।
অন্যদিকে একই মহল্লার সামিউল ইসলাম অভিযোগ করেন, তাকে বিদ্যুৎ বিলের কোনো কপি না দিয়েই বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি থানা-পুলিশের ভয়ভীতি দেখানো এবং সাদা কাগজে টাকার দাবি করার অভিযোগও তুলেছেন তিনি। অভিযোগের কেন্দ্রে তিনটি ঘটনার ক্ষেত্রেই ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে সেই পরামর্শ অনুযায়ী জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন তারা। তার মাধ্যমেই মিটার স্থাপন ও বিদ্যুৎ সংযোগের কার্যক্রম সম্পন্ন করা হয় বলে দাবি তাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে অফিস থেকে চিঠির মাধ্যমে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি যথাযথ জবাব দিয়েছেন। জহুরুল ইসলাম বলেন, আমি ওই সব গ্রাহকের বাড়িতে যাইনি, ওয়্যারিং করিনি এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেনও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। এ বিষয়ে বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হেলালুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি বলেন, আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) টি এম মেসবাহ উদ্দিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিদের দাবী, বিদ্যুতের খুঁটি স্থাপন থেকে শুরু করে তার টানা এবং মিটার সংযোগ-প্রতিটি কাজেরই নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকার কথা। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অগোচরে এসব কার্যক্রম কিভাবে সম্পন্ন হলো, তা এখন বড় প্রশ্ন। ভুক্তভোগীদের দেওয়া অর্থের হিসাব, মিটার ও সংযোগের বৈধতা এবং বিল আদায়ের প্রক্রিয়া-সবকিছুরই স্বচ্ছ তদন্ত প্রয়োজন। তবে শুধু তদন্ত কমিটি গঠন কিংবা আশ্বাস নয়, ভুক্তভোগীরা চান অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি। তাদের দেওয়া অর্থের প্রকৃত হিসাব, মিটারের বৈধতা এবং বিদ্যুৎ সংযোগের অনুমোদন নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় সেবার নামে প্রতারণা ও হয়রানির অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।