সরকারি টাকায় খনন, ব্যক্তির নিয়ন্ত্রণে খাল! ৭০ লাখ টাকার খাল বিক্রি মাত্র ১০ লাখে!
দখল-বেড়ায় পানিপ্রবাহ বন্ধ, সিংড়ায় সুফল বঞ্চিত কৃষক
নাটোরের সিংড়ায় সরকারি অর্থে পুনঃখনন করা প্রায় ছয় কিলোমিটার খাল বিক্রির অভিযোগ উঠেছে। মাত্র ১০ লাখ ৯ হাজার টাকায় তিন ভাগে খালটির ইজারা বা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খালের বিভিন্ন স্থানে বাঁশের বানা ও নেটের বেড়া দিয়ে মাছ শিকার করায় ব্যাহত হচ্ছে পানিপ্রবাহ, বন্ধ হয়ে পড়েছে নৌ-চলাচল। অথচ কৃষকের সেচসুবিধা, কৃষিপণ্য পরিবহন এবং দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যেই প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়েছিল।
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া থেকে সারদানগর ও জয়নগর পর্যন্ত বিস্তৃত খালটি এখন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, গ্রামের উন্নয়নের নামে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে খালের বিভিন্ন অংশ ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। এরপর ক্রেতারা খালের বিভিন্ন স্থানে বাঁশের বানা ও নেটের বেড়া দিয়ে মাছ শিকার করছেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি ও নৌ-যোগাযোগের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
৭০ লাখ টাকার প্রকল্প, বিক্রি ১০ লাখে
বিএডিসি সিংড়া কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ ও ২০২২-২৩ অর্থবছরে হুলহুলিয়া-টু-জয়নগর বিল এবং হুলহুলিয়া-টু-সারদানগর খালের প্রায় ছয় কিলোমিটার অংশ পুনঃখনন করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৭০ লাখ টাকা। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল কৃষিজমিতে স্বল্প খরচে সেচসুবিধা নিশ্চিত করা, কৃষিপণ্য পরিবহনে নৌ-যোগাযোগ সচল রাখা এবং বিলের মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করা। কিন্তু সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের সেই সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় কিলোমিটার খালটি তিনটি অংশে ভাগ করে মোট ১০ লাখ ৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চার কিলোমিটার খালে বেড়া, বন্ধ পানিপ্রবাহ :
খালের হুলহুলিয়া থেকে সারদানগর অংশের ডুবা ব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানে বাঁশের বানা ও নেটের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে সজিব প্রামাণিক প্রায় চার কিলোমিটার খালের বিভিন্ন অংশে বেড়া দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছেন। ডুবা ব্রিজের কাছে শহিদুল ইসলাম নামে এক দিনমজুর জানান, বড় ও ছোট দুটি ডহর (খাল) ছয় লাখ টাকায় কিনেছেন সজিব। তিনি ওই ব্যক্তির বাড়িতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন। পাশাপাশি খাল পাহারার দায়িত্বও পালন করেন। খালের ক্রেতা সজিব প্রামাণিক জানান, তিনি খালের দুটি অংশ কিনেছেন। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের চেয়ারম্যানের উদ্যোগে এসব অংশ বিক্রি করা হয়েছে। খালের বিভিন্ন স্থানে বেড়া দেওয়ার বিষয়েও তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তাঁর দাবি, বিক্রির অর্থ গ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, হুলহুলিয়া থেকে জয়নগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালের বিভিন্ন স্থানে বাঁশ ও বানা দিয়ে বেড়া দিয়েছেন নজরুল ইসলামের ছেলে শাজু শাহ। স্থানীয় সূত্রের দাবি, তিনি ওই অংশ সাড়ে তিন লাখ টাকায় কিনেছেন। এ ছাড়া হুলহুলিয়া গ্রামের প্রবেশগেট এলাকায় খালের আরেকটি অংশ ৫৫ হাজার টাকায় কিনেছেন হাসান আলী নামে এক ব্যক্তি।
কৃষকের ক্ষতি, বিপাকে মৎস্যজীবীরা :
খালের বিভিন্ন স্থানে বেড়া দেওয়ায় শুধু পানিপ্রবাহই বাধাগ্রস্ত হচ্ছে না, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনের নৌ-চলাচলও। একই সঙ্গে খালের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সরকারি খাল এভাবে ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক, দিনমজুর ও মৎস্যজীবীরা। খালে বেড়া দেওয়ার কারণে কচুরিপানার স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। এতে কৃষকদের বিঘাপ্রতি অতিরিক্ত প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে বলে তাঁদের অভিযোগ। কৃষকের সেচসুবিধা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য যে খাল পুনঃখনন করা হয়েছিল, সেটিই এখন ব্যক্তিগত মাছ শিকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
উন্নয়নের নামে খাল বিক্রি, দায় কার?
হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, গ্রামের চেয়ারম্যান হিসেবে তাঁর উপস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। তবে এ ঘটনায় তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। অন্যদিকে, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মানিক রতন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ খাল দখল করে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, খাল-বিল শুকিয়ে মাছ শিকার করা চলনবিলের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে অভিযোগ পেলে খাল-বিল দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি খাল-বিলে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা কিংবা খাল শুকিয়ে মাছ ধরার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
