নাটোরের ৬ উপজেলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জেলা প্রশাসন ছাড়াও ৬ উপজেলায় পৃথকভাবে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বড়াইগ্রাম, লালপুর, সিংড়া, গুরুদাসপুর, বাগাতিপাড়া ও নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলাগুলোতে আয়োজিত আলোচনা সভায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সংসদ সদস্য, বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। লালপুরে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দিনব্যাপী বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয় গ্রিনভ্যালী পার্ক। দিনব্যাপী এসব কর্মসূচিতে ৬ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
